নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবির
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ছবি : বিসিবি
এর আগেও বেশ কয়েকবার আলোচনা উঠেছিল নারী বিপিএল নিয়ে। সেসব সীমাবদ্ধ ছিল আলোচনার টেবিলেই। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এক বিবৃতিতে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নারী বিপিএলের ঘোষণা দিয়েছে বিসিবি। তিন দল নিয়ে প্রথমবারের মতো শুরু হবে এই টুর্নামেন্ট।
বিসিবি জানিয়েছে, প্রথমবারের মতো নারীদের নিয়ে দেশে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিন দলের টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের খেলোয়াড় ও উঠতি প্রতিভারা। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কেবল দেশি খেলোয়াড় নয়, বিদেশিরাও খেলতে পারবেন। বিসিবির অনুমতি নিয়ে বিদেশিদের দলে নেওয়া যাবে। এতে টুর্নামেন্টে প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস বিসিবির।
টুর্নামেন্টের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

স্পোর্টস ডেস্ক