স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখানোর আনন্দটা মাঠের পারফরম্যান্সেও ফুটিয়ে তুলছেন বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার নেপালের কীর্তিপুর গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। যা বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এর আগে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সর্বোচ্চ ২৫৫ রান করেছিল বাংলাদেশ। এছাড়া, আজকের সমান ১৯১ রানের একটি ইনিংস ছিল মালয়েশিয়ার বিপক্ষে।
বাংলাদেশের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়ায় নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করতে পেরেছে স্কটল্যান্ড। বাংলাদেশ জয় পেয়েছে ৯০ রানের। যা বাংলাদেশের নারী টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে মালদ্বীপকে ২৪৯ আর মালয়েশিয়াকে ১১৪ রানে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়েন ৬৭ রানের জুটি। দিলারা ফেরেন ৩৯ ও জুয়াইরিয়া ২২ রান করে।
এরপর হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে শতরানের বিধ্বংসী জুটি গড়েন এই দুজন। সোবহানা ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে গেলেও হাফসেঞ্চুরি তুলে নেন জ্যোতি। আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৬ রানের অপরাজিত থাকেন তিনি।
১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কটিশ মেয়েরা ম্যাচ থেকে ছিটকে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে মারুফা ৩টি এবং স্বর্ণা আক্তার ২টি উইকেট শিকার করেন। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক