সভাপতির বিরুদ্ধে ফিক্সিং তদন্তের গুঞ্জন, যা বলছে বিসিবি
বিপিএলের গত কয়েক আসরে সবচেয়ে সমালোচিত ঘটনা ছিল ‘ফিক্সিং’। সর্বশেষ বিপিএলে ফিক্সিং বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সম্প্রতি বিসিবির এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরে গুঞ্জন ওঠে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়েও। বলা হয় তার বিরুদ্ধেও নাকি তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে এমন দাবি করা হয়। তবে শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দাবিকে উড়িয়ে দিয়েছে বিসিবি।
রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি আমার তদন্তের অধীনে-এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানানো।’
বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’
সম্প্রতি বিসিবি ও বিসিবি সভাপতিকে নিয়ে আরও বেশ কিছু গুঞ্জন সামনে আসে। কিন্তু পরে দেখা যায় সেগুলোর কোনো বাস্তবতা নেই। এবার এমন ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।’
এতে আরও উল্লেখ রয়েছে, ‘বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিসিবির বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে- যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে।’

স্পোর্টস ডেস্ক