বিপিএল শুরু নিয়ে যে বার্তা দিল বিসিবি
বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে বিপিএলের ম্যাচ বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। যে কারণে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি।
বিপিএল আয়োজনের জন্য মাঠ প্রস্তুত করে রেখেছে বিসিবি। দর্শকরাও মাঠে এসেছেন। তবে, ক্রিকেটাররা মাঠে আসেনি এখনো। এমন অবস্থায় দর্শক মাঠে আসা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি।
মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিণে একটি বার্তা দিয়েছে বিসিবি। যেখানে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আজকের চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।’
দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিসিবি লিখেছে, ‘সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে। কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।’
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কতটা ক্ষতি হবে সেই প্রসঙ্গে কথা বলেন তিনি। বিসিবির এই পরিচালক বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে, কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করে নাজমুল যোগ করেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি না কি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
নাজমুলের এমন কথার পর বিবৃতি দেয় কোয়াব। রাতে ভার্চ্যুয়াল মিটিংয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

স্পোর্টস ডেস্ক