ক্ল্যাসিকোর ফাইনালে আলোনসোর চাকরি বাঁচানোর লড়াই
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অস্থির সময় পার করা রিয়াল মাদ্রিদের হাল কিছুটা স্থিতিশীল করেছেন কোচ শাবি আলোনসো। আজ রোববার (১১ জানুয়ারি) রাতে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটি এই কোচের জন্য ‘ডু অর ডাই’ মুহূর্ত হয়ে উঠতে পারে।
খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতায় চাকরি হারানোর দ্বারপ্রান্তে থাকা আলোনসো ঘুরে দাঁড়ান টানা পাঁচ ম্যাচে জয়ের মাধ্যমে। এর মধ্যে সর্বশেষটি আসে বৃহস্পতিবার, সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারাতে পারলে এই যাত্রায় হয়তো মুক্তি মিলতে পারে আলোনসোর। এই বার্সেলোনার কাছেই গত বছর ফাইনালে রিয়াল ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। এবার সুযোগ এসেছে প্রতিশোধের। আর সেটা করতে পারলে আলোনসো রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপা জিতবেন।
অন্যদিকে হ্যানসি ফ্লিকের দলের কাছে হারলে, জুনে নিয়োগ পাওয়া কোচকে বরখাস্ত করার জন্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আরও একটি অজুহাত পেয়ে যাবেন। আলোনসোকে নিয়ে পেরেজকে কখনোই পুরোপুরি সন্তুষ্ট মনে হয়নি।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারলে পেরেজ আলোনসোকে বরখাস্ত করবেন। সেই ম্যাচে রিয়াল হেরেছিল ঠিকই, তবে দলের উন্নত পারফরম্যান্স কোচকে আরেকটি সুযোগ উপহার দেয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)