বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়িয়েছে দিন ছয়েক পার হয়ে গেছে। এরই মধ্যে ম্যাচ গড়িয়েছে ১৪টি। তবে, বাংলাদেশি ভক্তদের বিশ্বকাপ আমেজ শুরু বলা চলে আজ শনিবার (৮ জুন) থেকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৫তম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে যথারীতি আগে বোলিং বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যে কটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে তার প্রতিটিতেই টস জিতে ফিল্ডিং করা দল সাফল্য পেয়েছে। তাইতো একই পথে হেঁটেছে লাল-সবুজের দলও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ। তাদের জন্য ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকারও। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচ হারায় চাপে আছে দলটি। আজ কোনোভাবে বাংলাদেশের কাছে হারলে রীতিমতো বিদায়ের ঘণ্টাও বেজে যেতে পারে লঙ্কানদের। এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা যে এক চুল পরিমাণও ছাড় দেবে না সেটা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে বাংলাদেশ দল যে নির্ভার, সেটাও বলা যাবে না। সাম্প্রতিক অফফর্ম, আরও ছোট করে আনলে গত একমাসে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে গড়পড়তা খুব কম দলই বোধহয় খেলেছে। বিশেষ করে বিশ্বকাপ শুরু আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের দুর্বলতা। তবে, সব দুর্বলতা ভুলে, হতাশা মাড়িয়ে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন তেমনই বার্তা দিয়ে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে শেষ হাসি হেসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফরম্যাট বদলালেও মঞ্চ তো বিশ্বকাপই। দুদলের মুখোমুখি লড়াই অবশ্য কথা বলবে লঙ্কান লায়নদের হয়ে। মুখোমুখি দেখায় ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা জিতেছে ১১টি, বাংলাদেশ পাঁচটি। চলতি বছরে শেষ টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা। তবে, সব পরিংখান পেছনে ফেলে দুদলই চাইবে নিজেদের সেরাটা দিয়ে বাইশ গজে নিজেদের মেলে ধরতে।
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

স্পোর্টস ডেস্ক