দিল্লির বিপক্ষে অনায়াসে জয় তুলে নিল বেঙ্গালুরু
আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার (১২ মে) টস হেরে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। আগে ব্যাটিংয়ের ফায়দা খুব একটা নিতে পারেনি আরসিবি। তবে, দিল্লির ব্যর্থতায় ১৮৭ রানই যথেষ্ট হয় দলটির জয়ের জন্য।
২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রানে থামে দিল্লি।
রান তাড়ায় শুরুতেই জোড়া আঘাত পায় দিল্লি। ২৪ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। এক রান করে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। তাকে ফেরান স্বপ্নীল সিং। ওয়ানডাউনে নামা অভিষেক পরেল যশ দয়ালের শিকার হয়ে বিদায় নেন দুই রান করে। জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক এদিনও ঝড় তোলার আভাস দেন। আট বলে ২১ রানের ইনিংসটি থামে রানআউটের দুর্ভাগ্যে।
শাই হোপ ২৩ বলে ২৯ রান করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তার প্রতিরোধ ভাঙেন লোকি ফার্গুসন। দিল্লির ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একপ্রান্ত আগলে রাখেন অক্ষর প্যাটেল। অর্ধশতক তুলে দলকে ভরসা দেন তিনি। যদিও, ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি প্যাটেল। ৩৯ বলে ৫৭ রান করে শিকার হন দয়ালের। সেখানেই শেষ হয় দিল্লির জয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত জয় থেকে ৪৭ রান দূরে থেমে যেতে হয় তাদের।
আরসিবির পক্ষে দয়াল তিনটি এবং ফার্গুসন নেন দুই উইকেট।
এর আগে ওপেনিংটা মনমতো হয়নি বেঙ্গালুরুর। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছয় রান করে ফিরে যান। দলীয় ২৩ রানে তাকে আউট করেন মুকেশ কুমার। বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলি। ১৩ বলে ২৭ রানের ছোট্ট ঝড় থামে ইশান্ত শর্মার বলে বিদায় নিয়ে। আরসিবি এরপর এগিয়ে যায় উইল জ্যাকস ও রজত পাতিদারের ব্যাটে ভর দিয়ে।
জ্যাকসের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪১ রান। অর্ধশতক করেন পাতিদার। ৩২ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। জ্যাকসকে সাজঘরের পথ দেখান কুলদীপ যাদব। পাতিদার পরিণত হন রাসিখ সালামের শিকারে। এ দুজন ফিরে গেলে রানের চাকা অনেকটা মন্থর হয় আরসিবির। তবে, ক্যামেরন গ্রিনের ২৪ বলে অপরাজিত ৩২ রান আরসিবিকে স্বপ্ন দেখায় ২০০ রানের ঘর পার করার। কিন্তু, অন্যপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ায় সেটি আর হয়নি।
দিল্লির পক্ষে দুটি করে উইকেট পান খলিল আহমেদ ও রাসিখ।

স্পোর্টস ডেস্ক