উত্থানে সূচক, ৭৬ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২২ নভেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৭ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৫২১ কোটি টাকা। এদিন লেনদেন বেড়ে এক হাজার ২২০ কোটি টাকায় চলে এসেছে। এটা গত ৭৬ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন।
রোববার লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে।
এর আগে গত ২ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা। যেখান আজ লেনদেন হয়েছে এক হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আজকের এ লেনদেন গত তিন মাস ২০দিন বা ৭৬ কর্মদিবসের মধ্যে সেরা হিসেবে বিবেচ্য হয়েছে। আগের কর্মদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৫ হাজার ৮৯৩ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ১০৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪৮ কোটি ১১ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ৩৭ কোটি ৫৯ লাখ টাকা, ব্র্যাক ব্রাংকের ৩২ কোটি ৯৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ২৯ কোটি ৯২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ২৭ কোটি ৪৮ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ২৫ কোটি ৩৮ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ২৩ কোটি ৯১ লাখ টাকা, সিটি ব্যাংকের ২১ কোটি ৩৫ লাখ টাকা এবং এনভয় টেক্সটাইলের ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে দেশ মতিন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমএল ডায়িংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক