‘সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া তথ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী’
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে পুঁজিবাজারে ভুয়া পরিচয়, বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শসহ রাতারাতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এসব কর্মকাণ্ডে সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি তাদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
আজ সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ সমাপনী অনুষ্ঠানে নিকুঞ্জে ডিএসই নিজস্ব টাওয়ারের মাল্টি-পারপাস হলে স্বাগত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) যৌথ ‘উদ্যোগে ডিজিটাল প্রতারণা ও স্ক্যাম সতর্কতা‘ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার তানবীর হাবিব রহমান, অ্যাডভোকেট নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক এবং হোসাইন সাহাদত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার আবু নুর মোহাম্মদ হাসানুল করিম৷
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা সুরক্ষিত রাখতে ডিজিটাল প্রতারণা, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এজন্য নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে পুঁজিবাজারে ভুয়া পরিচয়, বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শসহ রাতারাতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা দিনদিন বাড়ছে। এসব কর্মকাণ্ডে সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি তাঁদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে।
মমিনুল ইসলাম বলেন, এ ধরনের প্রতারণা মোকাবিলায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। ডিএসই তার সার্ভেইল্যান্স ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে বিএসইসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতামূলক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুঁজিবাজারের ইতিবাচক উদ্যোগ, সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে জনসাধারণের কাছে তুলে ধরতে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি জানিয়ে মমিনুল ইসলাম বলেন, পাশাপাশি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন ও দক্ষতা বাড়াতে হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা দীর্ঘমেয়াদে সুদৃঢ় হয়।
মমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে একটি স্বচ্ছ, শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর প্রতিপাদ্যের আলোকে মমিনুল ইসলাম ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক