৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে ওয়ান ব্যাংক
মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন পেল ওয়ান ব্যাংক। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট এই বন্ড ইস্যু করা হবে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএসইসির সভায় ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ছয় প্রস্তাব অনুমোদন করেছে। এর কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত দর এক লাখ টাকা। বন্ডটির ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংকের টিয়ার-টু ক্যাপিটাল বেস আন্ডার ব্যাসেল থ্রি শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক