এক ঘণ্টায় লেনদেন ১৯২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় বা বেলা ১১টায় ডিএসইতে ১৯২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৬০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ দশমিক ৫০ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৪৩ দশমিক ২৩ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক শুন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ দশমিক ৩৫ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯২টির এবং কমেছে ১০২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৪৫ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের সাত কোটি ৩৪ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের সাত কোটি দুই লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ছয় কোটি ৮৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ছয় কোটি ২২ লাখ টাকা এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ছয় কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক