উত্থানে সূচক, লেনদেন ৮৪৫ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুহাজার ৯৮৫ কোটি। লেনদেন বেড়ে এদিন ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। পরে সূচকটি উত্থান আরও বাড়ে। আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ৯০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৯৬ দশমিক ২১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১২২ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১১৯ দশমিক ৩২ পয়েন্টে। বুধবার লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।
গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৯১ কোটি ৪৮ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৪ হাজার ৪২৯ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৪৪৪ কোটি ৬৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১০২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২৫ কোটি ৯৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২৫ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৪ কোটি ৪১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২০ কোটি সাত লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৮ কোটি ১১ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ১৭ কোটি ২৩ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৫ কোটি ৯৭ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮১ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ২৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক