প্রধান সূচক পতনে, কমেছে ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারদর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৪৫৫ কোটি। তবে লেনদেন বেড়ে এদিন ৭৯১ কোটি টাকায় চলে এসেছে।
আজ মঙ্গলবার লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। পরে সূচকগুলোর উত্থানগতি কমে আসে। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ১৮ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৪০ দশমিক ৩২ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক শুন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০৬ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০৮ দশমিক ৫৭ পয়েন্টে।
আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৭০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯১ হাজার ৪৪৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৯০০ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ৩৪ কোটি ১৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২২ কোটি ১০ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২০ কোটি ২১ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৯ কোটি ৮৭ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ২৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৬ কোটি ২১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ কোটি ৬১ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৫ কোটি ১৭ লাখ টাকা এবং একমি পেস্টিসাইডসের ১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আজ মঙ্গলবার দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৫২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক