আসছে আইপিও ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ আনতে খসড়া বিধিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি শিগগিরই জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬ অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০ থেকে ২০ শতাংশ) মাধ্যমে আইপিও ছাড়াই কোনো কোম্পানির সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানাধীন কোম্পানি, বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি ডাইরেক্ট লিস্টিং করতে পারবে। এ ছাড়া কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসম্পন্ন বিটিআরসি-অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি সংশ্লিষ্ট সেবা প্রদানকারী বা আইসিটি অবকাঠামো বা উৎপাদনকারী কোম্পানি, কমপক্ষে তিন বছরের কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি এবং কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানি এ সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার স্টক এক্সচেঞ্জে ডাইরেক্ট লিস্টিং করা যাবে।

নিজস্ব প্রতিবেদক