৩০ মিনিটে লেনদেন ১০৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২৬ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে মিনিটে বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১০৯ কোটি দুই লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৮৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৩০ দশমিক ১৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০০ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ দশমিক ৭৬ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এমএল ডায়িংয়ের ১০ কোটি ৪২ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার কোটি ১৬ লাখ টাকা, কুইন সাউথের তিন কোটি ৮৯ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের দুই কোটি ৬৯ লাখ টাকা, বেক্সিমকোর দুই কোটি ৫২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের দুই কোটি ৩৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের দুই কোটি ২৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ১৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ১১ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোটের এক কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক