পতনে সূচক, লেনদেনও নেমেছে ৭৮০ কোটি টাকায়
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্ট। বিক্রির চাপে এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৩৮০ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৭৮০ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান বাড়ে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়ে, এবং সূচকটি পতনে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৯ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭৮৪ দশমিক ৩৬ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ছয় দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৮৬ দশমিক ২০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৭৭ দশমিক ৩০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৮ হাজার ৮৯০ কোটি ৭২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ এক হাজার ২৭০ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৪০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডায়িংয়ের ২২ কোটি ৪৯ লাখ টাকা, আইটিসির ১৭ কোটি ৭১ লাখ টাকা, আইপিডিসির ১৭ কোটি আট লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১৩ কোটি ৫৫ লাখ টাকা, বেক্সিমকোর ১৩ কোটি ৪৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ২৭ লাখ টাকা, কুইন সাউথের ১২ কোটি ৯৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১২ কোটি ৯৩ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের ১২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য দুই শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক