সূচক পতনে, লেনদেন কমে হাজার কোটি টাকার ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৬২৫ কোটি টাকা। লেনদেন কমে এদিন এক হাজার ৭০ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ১৮ মিনিটে ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। পরে পতন গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪৬ মিনিটে ডিএসইএক্স কমেছে দুই পয়েন্ট। এরপর পতন গতি বেড়ে যায়।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৫৫ দশমিক ৭২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ২১০ দশমিক ৭৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৯৭ দশমিক ৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার ২৫৮ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ৮৮৩ কোটি ৪১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগসের ২৪ কোটি ৭২ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৬৭ লাখ টাকা, বিএসআরএম স্টিলের ২২ কোটি ১৪ লাখ টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ২১ কোটি ৬৪ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৫২ লাখ টাকা এবং বিএসসির ১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক