অস্বাভাবিক দর বৃদ্ধি : উসমানিয়া গ্লাসের লেনদেন স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির শেয়ার দর বৃদ্ধি ও লেনদেনে অস্বাভাবিকতা পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
আজ সোমবার (১৩ জুলাই) অবশিষ্ট সময়ের জন্যও কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুই স্টকের কর্তৃপক্ষ।
কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই সাম্প্রতিক সময়ে উসমানিয়া গ্লাসের শেয়ার দর ও লেনদেনে অস্বাভাবিকভাবে বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থে সাময়িকভাবে শেয়ার লেনদেন স্থগিত করা হয়। বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ২২ জুন উসমানিয়া গ্লাসের শেয়ারের দর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। আজ ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৬ টাকা ৯০ পয়সা বা ৯৮ দশমিক ৯৩ শতাংশ।
এর আগে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণে ডিএসই থেকে উসমানিয়া গ্লাসকে নোটিশ দেওয়া হয়। এরপর গত ২ জুলাই উসমানিয়া গ্লাস নোটিশের জবাব দেয়। জবাবে কোম্পানিটি জানায়, দর বাড়ার কোনো অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।

নিজস্ব প্রতিবেদক