ব্লু-ওয়েলথ ফার্স্ট ফান্ডের প্রসপেকটাস অনুমোদন
পুঁজিবাজারে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের’ খসড়া প্রসপেকটাস ও সারসংক্ষেপ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। এবিযয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড তিন কোটি টাকা দিয়েছে। বাকি ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত দর ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। এছাড়া বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে থাকবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

নিজস্ব প্রতিবেদক