ডিএসইতে ২৩ মাসের মধ্যে রেকর্ড লেনদেন
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব আসার পর থেকেই পুঁজিবাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। সরকারের নানামুখী আশ্বাসে পুঁজিবাজার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনসহ সব ধরনের সূচক বাড়ছে বলে জানালেন পুঁজিবাজারের বিশ্লেষকরা।
আজ মঙ্গলবার (৩০ জুন) একদিনেই লেনদেন ২২২ কোটি টাকা বেড়ে এক হাজার ৫৭৩ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এটি গত ২২ মাস ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড হিসেবে গণ্য হয়েছে।
বিএসইসির নতুন নেতৃত্ব আসার প্রথমদিন গত ৪ জুন লেনদেন হয়েছিল এক হাজার ৩৫১ কোটি টাকা। অবশ্য এর আগে খবর ঘুরপাক করেছিল বিএসইসির নতুন নেতৃত্ব আসবে। এমন খবরে কোরবানির ঈদের পর থেকেই পুঁজিবাজার চাঙ্গা। সেই চাঙ্গা এখনও বিদ্যমান। এখন দৈনিক লেনদেন হাজার কোটি টাকার ঘরে। কখনও কথনও লেনদেন দেড় হাজার কোটি টাকার ঘর ছাড়ায়। বিএসইসির নতুন নেতৃত্বে আগে দীর্ঘদিন পুঁজিবাজারের দৈনিক লেনদেন ছিল হাজার কোটি টাকার নিচে। এমনকি, লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমেছিল।
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর সব ধরনের সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দিনশেষে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬৮ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দিনশেষে দুই হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। গত ২০২৪ সালে ১১ আগস্ট ডিএসইতে দুই হাজার ১০ কোটি আট লাখ টাকার লেনদেনের পর আজই ডিএসইতে এক হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হলো, যা গত ২২ মাস ১৯ দিনের মধ্যে পুঁজিবাজারে সেরা লেনদেন।
আজ লেনদেন শেষে ডিএসইতে মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৬৯২ কোটি ৩০ লাখ টাকা, যা গতকাল সোমবার ছিল ৬ লাখ ৯৭ হাজার ৬৮৩ কোটি ৩৬ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং শেয়ার দর সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে বাকি ৫৪টি কোম্পানির।
আজ দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার শেয়ার। কোম্পানিটির একদিনেই ৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর ৬০ কোটি ৭৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৫৭ কোটি ৪৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৪৪ কোটি ৮৯ লাখ টাকা এবং আইপিডিসি ফাইন্যান্সের ৩৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আজ বাজারে দর বৃদ্ধির একদম শীর্ষে জায়গা করে নিয়েছে বিএসআরএমের শেয়ার, যার দর সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে দর কমার তালিকায় শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংয়ের শেয়ার, যার দর আজ পাঁচ দশমিক শূন্য ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক