বিএসইসির নতুন চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস সাবেক চেয়ারম্যানের
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সংস্থাটির নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে আজ রোববার (৭ জুন) এক চিঠির মাধ্যমে তিনি এ আশ্বাস দেন।
টানা ২১ মাস দায়িত্ব পালন করে গত বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব পালনের সেই অভিজ্ঞতা তুলে ধরে নতুন চেয়ারম্যান মাসুদ খানকে এক চিঠিতে রাশেদ মাকসুদ লেখেন, একটি শক্ত ভিত্তি আনতে ২০২৪ সালের অগাস্টের বিপর্যস্ত পরিস্থিতি থেকে আমরা বিগত বছরগুলোতে নিরলসভাবে কাজ করেছি, যার ওপর ভর করে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। এই ভিত্তি তৈরিতে আমরা অতি প্রয়োজনীয় নিয়মকানুন সংস্কার, নীতি সহজীকরণ, হস্তক্ষেপ দূরীকরণ, বাজারের কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম নতুন করে সাজানোর মতো কাজগুলো করেছি।
রাশেদ মাকসুদ লিখেছেন, নতুন আইপিও এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে পুঁজিবাজার এখন যাত্রা করার জন্য প্রস্তুত। আমার বিশ্বাস, আপনার বিশাল অভিজ্ঞতা দিয়ে অদূর ভবিষ্যতে পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনার যদি কখনো কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হয়, আমি সবসময় পাশে আছি। কারণ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন প্রশ্নে আমার সমর্থন আছে ও সম্পূর্ণরূপে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক