পতনে সূচক, লেনদেন ৫৬৪ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবার থেকে ১২৪ কোটি টাকার বেড়ে এদিন লেনদেন ৫৬৪ কোটি টাকায় চলে এসেছে। গতকাল বুধবার তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে ৯৯৮ কোটি টাকা।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৫ দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৯৫ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি ২৭ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৪৭৮ কোটি ১০ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৯০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ২০ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের ১০ কোটি ৭৭ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১০ কোটি পাঁচ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ৯ কোটি ৬৩ লাখ টাকা, সামিট অ্যায়ালেন্স পোর্টের ৯ কোটি ২৯ লাখ টাকা এবং শাহজিবাজার পাওয়ারের আট কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক শূন্য দুই শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক