ডিএসই : দুই খাতে লেনদেন ৩৪ শতাংশ, শীর্ষে ব্যাংক
সদ্য সমাপ্ত সপ্তাহে (৪ থেকে ৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৩৩ দশমিক ৭০ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ব্যাংক ও ওষুধ রসায়ন—এই দুই খাতের ৭০টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭৯৯ কোটি ৪৩ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৫৭৩ কোটি ২৯ লাখ টাকা।
শীর্ষ অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৩২ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি ৬৬ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ১১ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৫৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এই খাতের ২১টি প্রতিষ্ঠানে ১৯৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের আট দশমিক ৩৯ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ২১টি প্রতিষ্ঠানে ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের সাত দশমিক ৭৩ শতাংশ।
এছাড়া অন্যান্য খাতের মধ্যে প্রকৌশল খাতে সাত দশমিক ৩৪ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে চার দশমিক ৩৫ শতাংশ, বিবিধ খাতে চার দশমিক ৪৪ শতাংশ, জীবন বিমা খাতে তিন দশমিক ৩৯ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে দুই দশমিক ৯৪ শতাংশ, আইটি খাতে দুই দশমিক ৮১ শতাংশ, টেলিকম খাতে দুই দশমিক ৬৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে দুই দশমিক শূন্য এক শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে এক দশমিক ৬৪ শতাংশ এবং সিরামিক খাতে শূন্য দশমিক ৮৯ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে নন-ব্যাংকিং আর্থিক খাতে এক দশমিক ৬০ শতাংশ, চামড়া খাতে এক শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৭৮ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৭২ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৩১ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য এক শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক