সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ৪ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
দুর্ঘটনায় নিহত প্রবাসীরা হলেন— করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক।
এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কামাল পারভেজ অভি, মক্কা