আমার বায়োপিক হলে অনেকেই ডুবে যাবে : সালমান
নিজের জীবনের গল্প নিয়ে বায়োপিক তৈরি হলে অনেকের গোপন তথ্য সামনে চলে আসতে পারে। এমনই ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তাঁর ভাষ্য, নিজের জীবনে এমন কিছু নেই, যা নিয়ে সিনেমা তৈরি করলে সেটি সফল হবে। তবে সত্যিকারের বায়োপিক হলে অনেকেই বিপদে পড়বেন।
সম্প্রতি মুম্বাইয়ে নিজের আগামী সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সালমান। তাঁর মন্তব্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও মিড-ডে।
সালমানকে প্রশ্ন করা হয়, নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরির কথা ভেবেছেন কি না। জবাবে অভিনেতা বলেন, ‘আমার জীবনে এমন কিছু নেই, যা নিয়ে সিনেমা তৈরি করলে সেটি সফল হবে। তবে সত্যিকারের বায়োপিক তৈরি হলে এমন অনেক কিছু সামনে আসবে, যাতে অনেক মানুষ ডুবে যাবে।’
সালমানের এই মন্তব্যকে অনেকেই রসিকতা হিসেবে দেখছেন। তবে তাঁর জীবনের অজানা অধ্যায় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এর আগে নিজের বায়োপিক নিয়ে কথা বলেছিলেন সালমান। গত ১৫ অক্টোবর ‘কফি উইথ করণ ৯’ এ তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অভিনেতার কথায়, ‘আমার জীবনের বায়োপিক কখনো তৈরি হবে না। আমার জীবন আমার সঙ্গেই কবরে যাবে।’
এদিকে সালমানের আগামী সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর। আপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

বিনোদন ডেস্ক