৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি।
গত কয়েক বছর নিজেদের সম্পর্ককে আলোচনার বাইরে রেখেছিলেন দু‘জন। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’কে জিম ক্যারির মুখপাত্র তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় এবং কিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের কথা অনেক দিন ধরেই জানা ছিল ঘনিষ্ঠমহলে। কিন্তু প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে তাঁদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের আসরে দুজনকে একসঙ্গে দেখা যায়। বিয়ের খবর প্রকাশের প্রায় সাত মাস আগে সেটিই ছিল তাঁদের বহুল আলোচিত প্রকাশ্য উপস্থিতিগুলোর একটি।
সিজার অ্যাওয়ার্ডসের সেই অনুষ্ঠানেই মিন আহকে নিয়ে প্রকাশ্যে নিজের অনুভূতির কথা বলেছিলেন জিম ক্যারি। পুরো বক্তব্যই তিনি দিয়েছিলেন ফরাসি ভাষায়। বক্তব্যে প্রথমে নিজের পরিবার-মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা জানান অভিনেতা। এরপর মিন আহর প্রসঙ্গ টেনে তাঁকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন।
মিন আহকে উদ্দেশ করে জিম বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। সেই বক্তব্যে নিজের প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারির কথাও স্মরণ করেন অভিনেতা। বাবার কাছ থেকেই ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান তিনি।
তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্কটি নিয়ে আলোচনা শুরু হয়। যদিও ঠিক কবে থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তা স্পষ্ট নয়।
মিন আহর আগে জিম ক্যারির জীবনে আরও দুটি বিয়ে হয়েছে। ১৯৮৭ সালে তিনি বিয়ে করেছিলেন মেলিসা ওমারকে। তাদের জেন (৩৯) নামে এক কন্যা সন্তান রয়েছে। প্রায় আট বছর সংসার করার পর ১৯৯৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এর পরের বছর, ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। তবে সেই সংসার টেকেনি বেশি দিন। এক বছরের মধ্যেই, ১৯৯৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

বিনোদন ডেস্ক