১৫ টাকায় ‘মিশন ডিডিএলজে’ ছাড়াও এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা ও ওয়েব সিরিজের অপেক্ষায় থাকেন ওটিটি দর্শকেরা। এ সপ্তাহেও বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের নানা ভাষার কনটেন্ট মুক্তি পাচ্ছে। রোমান্টিক গল্প থেকে রহস্য-থ্রিলার, গ্যাংস্টার অ্যাকশন থেকে কলেজ ড্রামা—বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে এ সপ্তাহের ওটিটি। উল্লেখযোগ্য কয়েকটি কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
মিশন ডিডিএলজে
ধরন: বাংলা ওয়েব ফিল্ম
মুক্তি: আইস্ক্রিন, ২৫ সেপ্টেম্বর
অভিনয়: সাদ সালমি নাওভি, লাবণ্য চৌধুরী, মাসুদ মহিউদ্দিন
নব্বইয়ের দশকের প্রেমের নস্টালজিয়াকে বর্তমান সময়ের সম্পর্কের জটিলতার সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে ‘মিশন ডিডিএলজে’। আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত ওয়েব ফিল্মটির গল্পে ধ্রুব ও দিয়ার সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে পুরোনো দিনের সরল প্রেম ও বর্তমান প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন। শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার প্রেমকাহিনি গল্পটির অন্যতম অনুপ্রেরণা।
মায়ার জঞ্জাল
ধরন: বাংলা সিনেমা
মুক্তি: চরকি, ২৪ সেপ্টেম্বর
অভিনয়: অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল মণ্ডল
ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্প অবলম্বনে নির্মিত। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটিতে দুটি আলাদা গল্পের চরিত্র ও জীবনের টানাপোড়েনকে সামাজিক বাস্তবতার এক জায়গায় এনে দাঁড় করানো হয়েছে।
ডোন্ট বি শাই
ধরন: হিন্দি সিনেমা
মুক্তি: আমাজন প্রাইম ভিডিও, ২৫ সেপ্টেম্বর
অভিনয়: আরুশি বাজাজ, পীযূষ খাতি, বিয়াঙ্কা অরোরা, অংশ দুগ্গল
২০ বছর বয়সী শ্যামিলি ‘শাই’ দাসের জীবন বদলে যায় প্রেমিক ময়াঙ্ক তাকে ছেড়ে যাওয়ার পর। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে গিয়ে ময়াঙ্কের নতুন প্রেমিকা তারার সঙ্গে পরিচয় হয় শ্যামিলির। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্ব ও নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্পে এগিয়ে যায় সিনেমাটি।
শক: ট্রাস্ট নো ওয়ান
ধরন: হিন্দি সিরিজ
মুক্তি: নেটফ্লিক্স, ২৪ সেপ্টেম্বর
অভিনয়: পরিণীতি চোপড়া, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সোনি রাজদান
নয় বছর ধরে নিখোঁজ সন্তানকে খুঁজে চলা এক মাকে ঘিরে তৈরি হয়েছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’। সন্তান নিখোঁজ হওয়ার পরও হাল ছাড়েনি সে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে তার সামনে আসতে থাকে একের পর এক রহস্য। এমনকি সবচেয়ে কাছের মানুষদের নিয়েও তৈরি হয় সন্দেহ। পরিণীতি চোপড়ার অভিনীত এই সিরিজে রহস্য ও পারিবারিক টানাপোড়েন পাশাপাশি এগিয়েছে।
আ ডিফারেন্ট ওয়ার্ল্ড
ধরন: ইংরেজি সিরিজ
মুক্তি: নেটফ্লিক্স, ২৪ সেপ্টেম্বর
অভিনয়: ম্যালিয়া জয় মুন, আলিজা কাই, কর্নেল ইয়ং
১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় সিটকম ‘আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’-এর নতুন সংস্করণ ‘আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’। গল্পের কেন্দ্রে রয়েছে ডোয়েন ওয়েন ও হুইটলি গিলবার্টের মেয়ে ডেবোরাহ। হিলম্যান কলেজে ভর্তি হয়ে মা-বাবার পরিচিতির বাইরে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চায় সে। নতুন বন্ধু, সম্পর্ক ও কলেজজীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

বিনোদন ডেস্ক