নতুন জেমস বন্ড নিয়ে বড় ইঙ্গিত, চূড়ান্ত কি জ্যাক লোডেন?
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে চলেছে। ড্যানিয়েল ক্রেগের পর কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—এ প্রশ্নের উত্তর এখন আগের চেয়ে অনেকটাই কাছে। নতুন ০০৭ বাছাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে নতুন বন্ড অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অস্কারজয়ী অভিনেতা গ্যারি ওল্ডম্যান। তবে অ্যামাজন এমজিএম স্টুডিওস এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেনি।
সম্প্রতি কানাডার একটি টেলিভিশন অনুষ্ঠানে গ্যারি ওল্ডম্যানকে প্রশ্ন করা হয়, তার ‘স্লো হর্সেস’ সহশিল্পী জ্যাক লোডেন কি নতুন বন্ড হতে পারেন? জবাবে তিনি বলেন, লোডেনের নাম সংক্ষিপ্ত তালিকায় থাকার গুঞ্জন রয়েছে। এরপর আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ওল্ডম্যান বলেন, বন্ড চরিত্রে কাকে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নাকি ইতোমধ্যেই নেওয়া হয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
ওল্ডম্যানের এই মন্তব্যের পর নতুন করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জ্যাক লোডেনের নাম। ৩৬ বছর বয়সী এই স্কটিশ অভিনেতা ‘স্লো হর্সেস’ সিরিজে গ্যারি ওল্ডম্যানের সঙ্গে অভিনয় করছেন। তবে ওল্ডম্যানের বক্তব্যের অর্থ যে নিশ্চিতভাবেই লোডেন নির্বাচিত হয়েছেন—এমনটা বলা যাচ্ছে না। কারণ অ্যামাজন এমজিএম এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এদিকে নতুন বন্ড সিনেমার চিত্রনাট্যকার স্টিভেন নাইটও সম্প্রতি জানিয়েছেন, তিনি হয়তো জানেন কে ড্যানিয়েল ক্রেগের জায়গা নিচ্ছেন। বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো নাম বলতে রাজি হননি। তবে তিনি বলেন, অভিনেতাকে জানা থাকলে চিত্রনাট্য লেখা কিছুটা সহজ হয়, যদিও তার কাজ অভিনেতাকে নয়, বন্ড চরিত্রটিকেই কেন্দ্র করে লেখা।
গত কয়েক মাসে বন্ড চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে ছিলেন হেনরি ক্যাভিল, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি, জ্যাক লোডেন, জেমস নর্টন, জ্যাক ও’কনেল, ক্যালাম টার্নার ও অ্যারন টেলর-জনসন। সাম্প্রতিক সময়ে পল মেসকাল ও টম ফ্রান্সিসের নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, জ্যাক লোডেন, জ্যাকব এলর্ডি ও ক্যালাম টার্নারের নাম এখনো সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছে।
বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ এখন অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে। প্রতিষ্ঠানটি গত মে মাসে ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। প্রযোজক অ্যামি প্যাসকেল জানিয়েছেন, নতুন বন্ডের নাম চলতি বছরের শেষ নাগাদ ঘোষণা করা হতে পারে।
নতুন সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। এটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা।
নতুন কিস্তিতে বন্ডকে আরও তরুণ বয়সের চরিত্র হিসেবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ ড্যানিয়েল ক্রেগের ‘নো টাইম টু ডাই’-এর সরাসরি ধারাবাহিকতা অনুসরণ না করে নতুনভাবে ০০৭-এর গল্প শুরু হতে পারে।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে পারে। মুক্তির সম্ভাব্য বছর ধরা হচ্ছে ২০২৮।

বিনোদন ডেস্ক