শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর
তরুণ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের ওপর চারটি মাস্টারক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের সমসাময়িক আলোচিত চারজন চলচ্চিত্র নির্মাতা এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একাডেমির প্রশিক্ষণ ও প্রযোজনা বিভাগের যৌথ উদ্যোগে এই মাস্টারক্লাসগুলোর পরিকল্পনা করা হয়েছে। আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং তরুণ চলচ্চিত্র নির্মাতারা কোনো ফি ছাড়াই এতে অংশ নিতে পারবেন। প্রতিটি মাস্টারক্লাস হবে এক দিনব্যাপী। চারজন নির্মাতা আলাদা চার দিনে এসব মাস্টারক্লাস পরিচালনা করবেন।
প্রশিক্ষক হিসেবে থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ ও ‘প্রেসার কুকার’-এর পরিচালক রায়হান রাফী; ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর পরিচালক তানিম নূর; ‘রইদ’ ও ‘হাওয়া’-এর পরিচালক মেজবাউর রহমান সুমন এবং ‘দেলুপি’, ‘সাটিকাপ’ ও ‘সিনপাট’-এর পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।
এতে অংশগ্রহণে আগ্রহীদের নাম, জীবনবৃত্তান্ত (সিভি/বায়ো-ফিল্মোগ্রাফি), নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক ও মোবাইল নম্বরসহ আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৩৩৪৯২৯৬১-এ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)