বিজ্ঞাপনের পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি স্যানন
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী বন্ধন উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। আর তাকে ঘিরেই বিতর্ক। কৃতি স্যানন ওই বিজ্ঞাপনে যে পোশাক পরেছেন, তা নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন।
বর্তমান বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও সেই নিয়ে একহাত নেন কৃতিকে। এবার কড়া জবাব দিতে এগিয়ে এলেন খোদ কৃতি। জামা-কাপড় দ্বারা মেয়েদের সম্মান-অসম্মান কেন নির্ধারিত হবে, প্রশ্ন তুললেন তিনি। মেয়েদের কী পরা উচিত, না উচিত, তা বাতলে দেওয়ার অভ্য়াস থেকেও সরে আসা উচিত বলে মন্তব্য করলেন তিনি।
রাখী বন্ধন উপলক্ষে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেন কৃতি। ওই বিজ্ঞাপনে সাদা রংয়ের লেহেঙ্গা পরেছিলেন তিনি। আর অন্তর্বাসের মতো বিশেষ একটি পোশাক পরে ভাইকে রাখী পরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথমে কাটাছেঁড়া শুরু হয়। ভাইয়ের হাতে রাখী বাঁধার সময় ওই ধরনের পোশাক সমীচীন কি না, প্রশ্ন তোলেন অনেকে। সেই নিয়ে কৃতির সমালোচনা করেন কঙ্গনাও।
কঙ্গনা রানাউত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতির পোশাক নির্বাচনের সমালোচনা করে লেখেন, ‘একজন নারী হওয়ার জন্য এটি দুর্দান্ত একটি সময়। আমাদের আলমারিতে কত রকমের পোশাকের বাহার! আজকের নারী একজন গ্লোবাল নারী। ককটেল ড্রেস, লেহেঙ্গা-চোলি, জিন্স, শাড়ি, বিকিনি থেকে শুরু করে সালোয়ার কামিজ— আমাদের সামনে এত বিকল্প থাকা সত্ত্বেও আপনি কেন আপনার ভাইকে বিকিনি বা অন্তর্বাস পরে রাখি পরাবেন? আপনার স্টাইলিংয়ের বাকি অপশনগুলো কোথায় গেল? হা হা, বিজ্ঞাপনটি ইচ্ছা করেই অত্যন্ত অদ্ভূত ও অশোভনীয় বানিয়ে পোস্ট করা হয়েছে!’
সম্প্রতি কৃতিকে নিশানা করে ওই কটাক্ষ ছুড়ে দেন কঙ্গনা। আর কঙ্গনার জবাব দিতে কৃতি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ‘উৎসবের সার্থকতা পোশাকের উপর নির্ভর করে না, আবেগ এবং অনুভূতির মধ্যেই নিহিত থাকে সবকিছু। রাখী বন্ধন মানে পরস্পরকে আগলে রাখা। বোন ও আমি পরস্পরকে রাখী পরাই। আমরা জানি, পরস্পরকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ভাইয়ের চেয়ে কোনো অংশে কম নই। পরস্পরের সুস্বাস্থ্য, সুখী জীবন, দীর্ঘায়ু কামনা করি। বাড়ির পোষ্যকে নিয়েও একই অনুভূতি আমাদের। তারাও আমাদের পরিবারের অংশ।’
এরপর সমালোচকদের জবাব দেন কৃতি। তাঁর বক্তব্য, ‘আরও একটা কথা, মেয়েদের কী পরা উচিত, কী নয়, তা নিয়ে উপদেশ দেওয়া কবে বন্ধ করব আমরা? সময়ের সঙ্গে সাবেকি পোশাকের ধরনও পাল্টে গিয়েছে। তারপরও মেয়েদের সম্মান নির্ধারিত হয় তার পোশাকের ধরন দেখে! সংস্কৃতি ও ঐতিহ্য হৃদয়ে থাকে, জামার গলা কতটা কাটা, তার উপর নয়।’ কৃতি যেভাবে সমালোচকদের জবাব দিয়েছেন, যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার প্রশংসা করেছেন অনেকেই।
ইন্ডাস্ট্রিতে কোনো রকম পূর্ব সংযোগ ছাড়াই বলিউডে সাফল্য অর্জন করেছেন কৃতি। প্রসাধনী ব্য়বসাতেও বেশ সফল তিনি। বিতর্ক কখনোই সেভাবে তাঁকে স্পর্শ করেত পারেনি। এবার তাঁকেও আক্রমণ করলেন কঙ্গনা।
কৃতিকে সবশেষ দেখা গেছে হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমাতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। সিনেমাটি বক্স অফিসে মাঝারি ব্যবসা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। বর্তমানে এটি নেটফ্লিক্সে দেখার জন্য উপলব্ধ।

বিনোদন ডেস্ক