বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফারিণ
টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এমন ভয়াবহ দুর্যোগে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নাই পানি উঠে বসে আছে। এই অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।’
তিনি নিজের ও সমাজের সামর্থ্যবানদের অবস্থান মনে করিয়ে দিয়ে তিনি আরও লেখেন,‘আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার উপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন, আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।’
ফারিণের এই আহ্বান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ভক্ত-অনুরাগীরা পোস্টটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিনোদন ডেস্ক