১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর এক মঞ্চে দেশের সেরা আট ব্যান্ড
দেশের সংগীতপ্রেমীদের জন্য আসছে বড় চমক। আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল’।
দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডকে নিয়ে আয়োজিত এই মেগা কনসার্টে দীর্ঘ বিরতি ভেঙে মঞ্চে ফিরছে কিংবদন্তি রক ব্যান্ড অর্থহীন। প্রায় দেড় বছর পর ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছে ব্যান্ডটি, তাও আবার সম্পূর্ণ নতুন লাইনআপ নিয়ে—যা নিয়ে সংগীতপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
এই আয়োজনে অর্থহীনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। কনসার্টের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
আয়োজক সূত্রে জানা গেছে, লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্ট দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। গত ২৫ জুন থেকেই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক