৬ বছর ধরে বিচ্ছেদের কথা গোপন রেখেছেন অপু, কেন?
অভিনেতা রাশেদ মামুন অপুর দাম্পত্য জীবনের ইতি টানার খবর সামনে এসেছে। দীর্ঘ সময় বিষয়টি আড়ালে রাখলেও অবশেষে নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার স্ত্রী মমরেনাজ মোমে।
রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত সেই স্ট্যাটাসে মমরেনাজ মোমে লেখেন, সামাজিক চাপ, ভয় ও লজ্জার কারণে দুজন মিলে প্রায় ছয় বছর ধরে বিচ্ছেদের বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু এই গোপনীয়তা দুজনের জন্যই মানসিকভাবে কষ্টের হয়ে উঠেছিল। নিজেদের স্বস্তির জন্যই অবশেষে তারা বিষয়টি পরিষ্কারভাবে জানাতে সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিচ্ছেদ মানেই সব শেষ হয়ে যাওয়া নয় কিংবা ধ্বংস নয়। বরং জীবনের কিছু সিদ্ধান্ত সময় নিয়ে, পরিপক্বতার সঙ্গে নিতে হয়—এই উপলব্ধিই তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। সম্পর্কের সমাপ্তিকে তিনি ব্যর্থতা হিসেবে দেখছেন না; বরং জীবনের আরেকটি অধ্যায় বলেই উল্লেখ করেছেন।
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেতা রাশেদ মামুন অপু।
ব্যক্তিগত জীবনের বাইরে কর্মজীবনে নিয়মিত অভিনয়ে ব্যস্ত রয়েছেন অপু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঢাকায় এসে নির্মাতা গিয়াস উদ্দীন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর নিজেও কয়েকটি নাটক পরিচালনা করেন। পরে বন্ধু নির্মাতা নোমান রবিনের নাটক ‘সিটিবাস’-এ ‘তোতা মিয়া’ চরিত্রে অভিনয় করে আঞ্চলিক সংলাপের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। সেই নাটকের সংলাপ দীর্ঘদিন দর্শকদের মুখে মুখে ফিরেছে।
এরপর নাটক, টেলিছবি, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে তিনি নিজের অবস্থান তৈরি করেন।
অন্যদিকে, অপুর সাবেক স্ত্রী মমরেনাজ মোমেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ক্যাম্পাস জীবনেই তাদের পরিচয় ও প্রেমের সূত্রপাত, যা পরবর্তীতে বিয়েতে গড়ায়। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন।

বিনোদন ডেস্ক