পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড
প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে আয়োজন করা হচ্ছে বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ৮ নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ।
ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ সালের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের এক ঝাঁক তারকা। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন জানান, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশি সিনেমা, স্থানীয় প্রতিভা ও আন্তর্জাতিক দর্শকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিবা শানু, কণ্ঠশিল্পী মেহরীন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেক প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের জন্য সমাদৃত টমি মিয়া এমবিই গত তিন দশক ধরে ব্রিটিশ ও বাংলাদেশি রান্নার প্রচার করে আসছেন। তিনি ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি সংস্কৃতি এবং সৃজনশীল প্রতিভা তুলে ধরার পরিকল্পনা করছেন।

বিনোদন ডেস্ক