এক ফ্রেমে শশী কাপুর ও নায়িকারা
রোববার, দাদাসাহেস ফালকে পুরস্কার গ্রহণ করেছেন হিন্দি সিনেমার এক সময়ের সুদর্শন নায়ক শশী কাপুর। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুন জেটলির কাছ থেকে পৃথ্বীরাজ থিয়েটারে পুরস্কার গ্রহণ করেন ৭৭ বছর বয়সী শশী। বলিউডের কাপুর পরিবারের জন্য আরেকটি সম্মান বয়ে আনলেন তিনি।
পুরস্কার গ্রহণের পর মুহূর্তটি অসাধারণ করে তোলেন শশীর সিনেমা জগতের নায়িকারা। বলিউডের জন্য দুর্লভ একটি ছবি এটি। এক নায়কের সাথে পোজ দিয়েছেন আট নায়িকা।
হুইল চেয়ারে বসা শশীকে ঘিরে রয়েছেন ওয়াহিদা রহমান, আশা পারেখ, জিনাত আমান, শাবানা আজমি, রেখা, নিতু সিং, নাফিসা আলী ও সুপ্রিয়া পাঠাক।
শশী কাপুরের সাথে কাভি কাভি (১৯৭৬), ত্রিশুল (১৯৭৮) ও নমক হালাল (১৯৮২) ছবিতে অভিনয় করেছিলেন ওয়াহিদা। আশা পারেখ অভিনয় করেছিলেন পেয়ার কা মৌসুম (১৯৬৯) ছবিতে।
জিনাত আমান অভিনয় করেছিলেন ব্যাপক আলোচিত-সমালোচিত ছবি সত্যম শিভম সুন্দরম (১৯৭৮) ছবিতে। শাবানা আজমি অভিনয় করেছিলেন জুনুন (১৯৭৮) এবং ফাকিরা (১৯৭৬) ছবিতে।
অমিতাভ বচ্চনের সাথে জুটি গড়ে সফলতা পেলেও নায়িকা রেখার ক্যারিয়ারের শুরুতে শশী কাপুরের সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন। বাসিরা (১৯৮১) ও উৎসব(১৯৮৪) এর মধ্যে অন্যতম।
নিতু সিং যিনি কি না মিসেস ঋষি কাপুর এবং রণবীর কাপুরের মা, সম্পর্কে শশী কাপুরের ভাতিজার বউ, তিনিও অভিনয় করেছিলেন শশী কাপুরের নায়িকা হিসেবে দিওয়ার (১৯৭৫) ছবিতে।
নাফিসা আলী জুনুন ছবির মাধ্যমে ১৯৭৮ সালে বলিউডে ডেব্যু করেছিলেন শশী কাপুরের বিপরীতে।
সুপ্রিয়া পাঠাক কালযুগ (১৯৮১) এবং বিজেতা (১৯৮২) ছবিতে শশী কাপুরের নায়িকা ছিলেন।

ফাহিম ইবনে সারওয়ার