রণবীর-ভক্তদের ওপর খেপেছেন ঋষি
ভীষণ চটেছেন ঋষি কাপুর। রেগেমেগে শেষ পর্যন্ত টুইট করেই দিলেন, ‘আমি রণবীরের পোস্ট বক্স নই। আবারও বলছি আমি রণবীরের পোস্ট বক্স নই।’ ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন রণবীরের ভক্তরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু রণবীরের কোনো উপস্থিতি নেই, তাই তাঁর আপডেট খবর জানতে ঋষি কাপুরকেই মেসেজ পাঠান রণবীর-ভক্তরা। এত এত মেসেজের ভারে ত্যক্ত-বিরক্ত সিনিয়র কাপুর, ঋষি।
আরেকটি টুইটে তিনি জানিয়েছেন, ‘রণবীর কোনো সামাজিক মাধ্যমে নেই। তার নামে যেসব অ্যাকাউন্ট আছে, সবগুলোই ভুয়া।’
গত জানুয়ারিতে ছবির প্রচারণার কাজে একটি টুইটার অ্যাকাউন্ট অবশ্য খুলেছিলেন রণবীর। কিন্তু তার মেয়াদ ছিল মাত্র ২৪ ঘণ্টা। কিন্তু সে খবর তো ভক্তরা জানেন না। তাঁরা ভাবছেন এখনো টুইটারে সচল রণবীর কাপুর।
‘বোম্বে ভেলভেট’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঋষিপুত্র রণবীর। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ মে। এ ছাড়া ইমতিয়াজ আলীর ‘তামাশা’ ছবির শুটিং করছেন রণবীর, যেখানে তাঁর সাথে অভিনয় করছেন সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন।
আর ঋষি কাপুর সর্বশেষ হাজির হয়েছিলেন গত বছর ‘বেওকুফিয়া’ ছবিতে সোনম কাপুরের বাবার চরিত্রে।

ফাহিম ইবনে সারওয়ার