ফেসবুক অ্যাকাউন্ট খুললেন ক্যাটরিনা
গতকালই বয়স হলো ৩৩। জন্মদিনটা বন্ধুদের সঙ্গে ভালোই কাটিয়েছেন। সে সঙ্গে ভক্তদের (কিংবা নিজের!) জন্যও দারুণ এক উপহার দিলেন ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় পরিসর ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খুলেছেন এই বলিউড অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিচিত্র কারণে সব সময়েই অনুপস্থিত ছিলেন ক্যাটরিনা। কান চলচ্চিত্র উৎসবের সময় একটি টুইটার অ্যাকাউন্ট খোলেন বটে, তবে সেটিও ছিল স্রেফ ‘সাময়িক’! একটি বিশেষ ব্র্যান্ডের প্রসাধনীর ব্যান্ড অ্যাম্বাসাডর তিনি, সে কারণেই সেই অ্যাকাউন্ট ছিল।
ক্যাটরিনার ‘সাবেক’ প্রেমিক রণবীর কাপুরও সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে অনুপস্থিত। একসময় ধরে নেওয়া হয়েছিল, দুজনে বুঝি শলাপরামর্শ করেই এই পরিসর থেকে দূরে রয়েছেন। সে যা-ই হোক, এই অনুধাবনের যে এখন আর কোনো ভিত্তি নেই, তা বলা বাহুল্য!
ক্যাটরিনা কাইফ ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে এই পরিসরে নিজের আগমনের খবর দেওয়ার পাশাপাশি ভক্তদেরও শুভেচ্ছা জানান তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিদ্ধার্থ রায় কাপুরের বিপরীতে ‘ফিতুর’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। শিগগিরই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘বারবার দেখো’ এবং রণবীর কাপুরের বিপরীতে ‘জগ্গা জাসুস’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি।

ফিচার ডেস্ক