প্রিয়াঙ্কার ভাইয়ের হোটেলে পুলিশের হানা
প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া তেমন সেলিব্রিটি ঘরানার কেউ নন। তবে যেকোনো সেলিব্রিটির পরিবারের দিকেও যে বলিউডের শ্যেন নজর থাকে, তা তো কারো অজানা নয়। ব্যবসায়ী সিদ্ধার্ধ অবশ্য সেই কারণে নয়, বরং পুলিশের কাছে ফেঁসেছেন তামাক আইনে।
পুনে ক্রাইম ব্রাঞ্চ এরই মধ্যে সিদ্ধার্থ অশোক চোপড়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ফেলেছে। সিদ্ধার্থ ও তাঁর মালিকানাধীন হোটেল ‘দ্য মাগশট লাউঞ্জ’-এর ম্যানেজার অশোক চোপড়ার বিরুদ্ধে অভিযোগের কারণ, এই লাউঞ্জে হুক্কার সঙ্গে বিভিন্ন ধরনের তামাকজাতীয় দ্রব্য মিশিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। এটি সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (প্রোহিবিশন অ্যাক্টস অব অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেগুলেশন অব ট্রেড অ্যান্ড কমার্স, প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন) আইন, ২০৩ ধারায় একটি শাস্তিযোগ্য অপরাধ।
পুনে পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের ইনস্পেক্টর রাজেন্দ্র কদম জানান, মাগশট লাউঞ্জে হুক্কার সঙ্গে বিভিন্ন রকমের তামাক মিশিয়ে বিক্রি করা হয় এবং সমাজের উঁচুতলার অনেকেই সেখানে ভিড় জমান। এই খবর পেয়েই তাঁরা গত বুধবার রাতে সেখানে অভিযান চালান এবং ২৬ হাজার রুপি মূল্যমানের মিশ্র তামাকজাত দ্রব্য উদ্ধার করেন।
এ বিষয়ে অবশ্য প্রিয়াঙ্কার ভাইয়ের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তিনি এখন নিউইয়র্কে অবস্থান করছেন।

ফিচার ডেস্ক