কৌতুকাভিনেতা রাজাক খান আর নেই
বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজাক খান আজ বুধবার ভারতের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন। ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয় তিনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। রাজাক দুই দশক ধরে শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হঠাৎ করে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত মুম্বাইয়ের বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
রাজাক খান অভিনয় করেছেন প্রায় ৯০টি ছবিতে। এগুলোর মধ্যে উল্লেখ করা যায় ‘হ্যালো ব্রাদার’, ‘হেরাফেরি’, ‘বাদশাহ’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হাসিনা মান জায়েগি’-র মতো বেশ কিছু জনপ্রিয় বাণিজ্যিক ছবির কথা। এ ছাড়া তিনি কমেডি টেলিভিশন অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ নিয়মিত অংশ নিতেন।

ফিচার ডেস্ক