আবরামের সঙ্গে পরিণীতির তলোয়ার-যুদ্ধ
শাহরুখ খানের ছেলে আবরাম খানের বয়স তিন বছর হলে কী হবে, সেও বাবার মতোই বড় তারকা। বলতে পারেন পুরোদস্তুর বলিউড সেলিব্রিটি! বাবার সঙ্গে নিয়মিত মাঠে খেলা দেখতে যায় সে। সেখানেই দেখা হয় পরিণীতি চোপড়ার সঙ্গে, আর তাঁর সঙ্গে লেগে গেল তলোয়ারযুদ্ধ!
গতকাল সোমবার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হাই-ভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেনে অবশ্য কলকাতাবাসীকে একেবারে চুপ করিয়ে দিয়েছে গেইল, কোহলি আর ডি ভিলিয়ার্সের মারকুটে ব্যাটিং। সে জন্যই কি পরিণীতির সঙ্গে লড়াই বেধে গেল আবরামের, কে জানে!
আবরামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। বাবার মতো করে সেটার নাম ‘আইঅ্যামআবরামখান’। সেই অ্যাকাউন্ট থেকেই পুরো লড়াইয়ের ছোট্ট একটু ভিডিও আপলোডও করা হয়েছে। ছোট্ট আবরামের সঙ্গে পরিণীতির লড়াইয়ের এই মজাদার ভিডিওটি ভাইরাল হতে মোটেই সময় নেয়নি! আর সংবাদমাধ্যমগুলো তো ঝটপট ভিডিওটি শেয়ার করে চলছে।
পরিণীতি চোপড়া গতকাল দুই ইনিংসের বিরতির মাঝে ক্যামেরার সামনে চলে আসেন। উপস্থাপিকার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আসন্ন ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’র প্রচারণাও করে ফেলেন সুযোগমতো।

ফিচার ডেস্ক