অভিনেত্রীর পোশাক খোলায় পরিচালকের বিরুদ্ধে মামলা
সম্মতি না নিয়েই অভিনয়ের সময় পোশাক খুলে নেওয়ার অভিযোগ করেন কেরালার এক অভিনেত্রী। ছবি : সংগৃহীত
অভিনয়কে জীবন্ত করতে গিয়ে শুটিং সেটে না বলে হুট করেই নায়িকার পোশাক খুলে ফেলায় তোপের মুখে পড়েছেন ছবির পরিচালক। বিষয়টি ছবির স্বার্থে মেনে নেননি নায়িকা। সঙ্গে সঙ্গেই তিনি মামলা ঠুকে দিয়েছেন ছবির পরিচালকের নামে।
ঘটনাটি ঘটেছে কেরালায় ‘দিভাম সাকশি’ নামের এক ছবির শুটিংয়ের সময়। কেরালার সংবাদমাধ্যম মনোরমা অনলাইনের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
অভিনেত্রীর অভিযোগ, ছবিতে অভিনয়ের সময় সেটে সবার সামনেই তাঁর পোশাক খুলে নেওয়া হয়। আর এ ব্যাপারে তাঁর কাছে থেকে নাকি কোনো সম্মতিও নেওয়া হয়নি। এমনকি ছবির স্ক্রিপ্টেও এমন কোনো ঘটনার উল্লেখ ছিল না।
আপত্তিকর এই ঘটনার পরপরই তিনি কেরালার থোডুফুঝা থানার মহিলা সেলে পরিচালক স্নেহজিতের নামে অভিযোগ করেন। পরে পুলিশ ব্যাপারটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে। ভারতীয় গণমাধ্যমগুলো নায়িকার পরিচয় প্রকাশ করেনি।

শেখ নিয়াম