কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগে ‘অজ্ঞাতনামা’
ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের ‘মাখশে দু ফিল্ম’ বাণিজ্যিক বিভাগে অংশ নিচ্ছে তৌকির আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’। তাঁর সঙ্গে আছেন বিপাশা হায়াৎ। আগামী ১৭ মে ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৪টায় তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিটি বাণিজ্যিক বিভাগে প্রদর্শনের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী ও শহিদুজ্জামান সেলিম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
এদিকে ‘অজ্ঞাতনামা’ ছবিতে কোন গান রাখেননি তৌকীর আহমেদ। ছবিতে মূল আকর্ষণ ছবির চিত্রনাট্য ও সংলাপ, যা লিখেছেন তৌকীর আহমেদ নিজেই।
ছবিটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে তৌকীর আহমেদ বলেন, ‘অজ্ঞাতনামা ছবির গল্পটাই এ রকম যা পুরো পৃথিবীর মানুষের জানা প্রয়োজন। তাই শুরু থেকে আমার চাওয়া ছিল কান উৎসবে ছবিটি প্রিমিয়ার করার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।’

ছবির অভিনয়শিল্পী নিপুণ এনটিভি অনলাইনকে বলেন, ‘কান উৎসবে তৌকীর ভাই ও বিপাশা আপুর ছবি যাচ্ছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। ছবির শুটিংয়ের আগে তৌকীর ভাই আমাকে বলেছিলেন ছবিটি কান উৎসবে প্রিমিয়ার করলে ভালো হবে। যা হোক আমার অভিনীত কোনো ছবি প্রথমবারের মতো কান উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এটা ভাবতেই আমার ভালো লাগছে। আশা করছি, যে উদ্দেশ্যে ছবিটি নির্মাণ করা হয়েছে, সেটা সফল হবে।’
২০০৪ সালে তৌকীর আহমেদ নির্মাণ করেন চলচ্চিত্র ‘জয়যাত্রা’। এরপর ‘রূপকথার গল্প’ ও ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি।

নাইস নূর