প্রথম ছবিতে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতলেন লেনিন
কামরুল ইসলাম লেনিনের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ঘ্রাণ’ জিতে নিয়েছে ষষ্ঠ দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমার সম্মাননা।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ৩০ এপ্রিল বসেছিল ৯০টি দেশের সাত শতাধিক সিনেমার এই জমজমাট আসর।
২৮ মিনিট দৈর্ঘ্যের ছবি ‘ঘ্রাণ’। বাবা-সন্তানের অপত্য স্নেহের মোড়কে অভিমানের এক নিত্যপুরাণ।
ছবির গল্প লিখেছেন মাসুদুল হক। চিত্রনাট্য লিখেছেন এহসান হাফিজ জয়। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন আজহার হক। সংগীত পরিচালনা করেছেন তানভীর আলম সজীব।
‘ঘ্রাণ’ ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, সাবেরী আলম ও নির্ঝর।
ছবি তৈরিতে কারিগরি নির্ভরতায় লেনিন বিশ্বাস রেখেছিলেন নিজেদের ওপরই। কালার গ্রেডিং, ডিসিপির মতো জটিল সব বিষয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সহায়তা না নেওয়ার যে চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন, তাই শেষ পর্যন্ত টিকে গেছে। উৎসব কমিটি থেকে যে প্রশংসাপত্র মিলেছে, তাতে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে ছবির চিত্রধারণের।
বাংলাদেশ সরকারের অনুদানে তৈরি হয়েছে ‘ঘ্রাণ’ ছবিটি। পরিচালক এখনো ছবিটি সেন্সর বোর্ডে জমা দেননি।
প্রথম ছবিতেই স্বীকৃতি পরিচালক কামরুল আহসান লেনিনের চলচ্চিত্রযাত্রাকে প্রতিশ্রুতিময় করেই রাখল। সামনের দিকে চোখ রাখা এই পরিচালকের বিশ্বাস, মধ্যবিত্ত মানুষের গল্পেই বাংলা সিনেমা বাঁচবে। দরকার সেলুলয়েডে সেই গল্প বলার মুন্সিয়ানা।

ফিচার ডেস্ক