তারকার মজার তথ্য
শখ-তামান্না ছিলেন ‘সুপার গ্লু’!
আনিকা কবির শখ বহু গুণের অধিকারী। মডেলিং, নাচ, অভিনয়—সবকিছুতেই তিনি পারদর্শী। তবে সদা হাস্যোজ্জ্বল শখ ছোটবেলায় নাকি অনেক লাজুক স্বভাবের ছিলেন। এমনটিই জানান তিনি।
ঢাকার গেণ্ডারিয়ায় কচি-কাঁচা বিদ্যানিকেতন ছিল শখের প্রথম স্কুল। খুব ভালো ছাত্রী ছিলেন শখ। নার্সারিতে পড়ার সময় তাঁর এক প্রিয় বন্ধু ছিল, নাম ছিল তামান্না। ক্লাসে ও বাইরে তামান্নার সঙ্গে দেখা হলেই শখ নাকি সারাক্ষণ তাঁর হাত ধরে বসে থাকতেন।
এ বিষয়ে শখ বলেন, ‘আমার জীবনে মজার ঘটনা অনেক রয়েছে। ছোটবেলার কথা যদি বলি, তাহলে তামান্নার কথা বলতেই হবে। আমি ওর হাত ধরে গোটা স্কুল ঘুরতাম। এমনকি যখন আমি ওয়াশরুমে যেতাম, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে তার পর যেতাম। ওর হাত আমি ছাড়তেই চাইতাম না। এ জন্য টিচাররা আমাদের দুজনকে সুপার গ্লু বলে ডাকতেন। এই স্মৃতি এখনো আমার চোখের সামনে ভাসে।’
তামান্নার সঙ্গে এখনো যোগাযোগ আছে কি না জানতে চাইলে শখ বলেন, ‘না, নেই। ও কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। তবে তামান্নাকে অনেক মিস করি। আমাদের দুজনের ক্লাস রোলও খুব কাছাকাছি ছিল। দুজনের মনের মিলও ছিল চমৎকার।’

নাইস নূর