দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেয়ি
‘আলীগড়’ ছবির জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। আজ ২৩ এপ্রিল মনোজের জন্মদিন, এই দিনেই সুখবরটি পেলেন তিনি। আজ ৪৭ বছরে পা রেখেছেন মনোজ বাজপেয়ি।
সমালোচকদের ভোটে দাদাসাহেব ফালকে পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে আজ শনিবার মনোজের নাম ঘোষণা করা হয়। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক দ্য হিন্দু।
হানসাল মেহতা পরিচালিত আত্মজীবনীমূলক ছবি ‘আলীগড়’। এ ছবিতে মারাঠি অধ্যাপক রামচন্দ্র সিরাসের ভূমিকায় অভিনয় করেছেন মনোজ।
মনোজ বাজপেয়ি ছাড়াও ‘আলীগড়’ ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রামচন্দ্র সিরাসের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।
যার চিত্রনাট্য লিখেছেন অপূর্ব আস্রানি। আলীগড় বিশ্ববিদ্যালয়ে মারাঠি শেখাতেন সিরাস। সমকামিতার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।
২০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ছবিটির। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় আলীগড় ছবিটি।
দাদাসাহেব ফালকে পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর এক টুইটের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মনোজ বাজপেয়ি।
টুইটে মনোজ লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও উৎসাহের জন্য ধন্যবাদ। প্রচণ্ড সম্মানিত বোধ করছি।’
দাদাসাহেব ফালকে পুরস্কারটি সেই মৃত অধ্যাপক সিরাসকেই উৎসর্গ করেছেন মনোজ। এর আগে ‘সত্য’ এবং ‘পিঞ্জর’ ছবিতে অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন মনোজ বাজপেয়ি।
বর্তমানে ‘ট্রাফিক সিগন্যাল’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন মনোজ। একই নামের মালায়লাম একটি ছবির গল্প নিয়ে হিন্দিতে ছবিটি রিমেক করা হচ্ছে।
এই ছবিতে মনোজ বাজপেয়ি ছাড়া আরো অভিনয় করছেন জিমি শেরগিল, শচিন খেরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।

ফিচার ডেস্ক