জন্মদিনে কাজিনদের উপহারে বিস্মিত আমব্রিন
দেশের জনপ্রিয় উপস্থাপক ও মডেল আমব্রিনের আজ জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ বিশেষ কোনো পরিকল্পনা নেই তাঁর। জন্মদিন কেমন কাটছে জানতে চাইলে এনটিভি অনলাইনকে এমনটিই জানান তিনি।
আমব্রিন আরো বলেন, ‘গত রাতটা ছিল আমার কাছে স্পেশাল। রাতে আমাদের বাসায় আমার কাজিনরা এসেছিল। আমাকে না জানিয়ে হঠাৎ করে আসে ওরা। আমি তাদের উপহার ও উপস্থিতিতে বেশ বিস্মিত হয়েছি। রাত ১২টার পর বাসার ছাদে আমরা সবাই মিলে কেক কেটেছি। খুব মজা হয়েছে। এভাবেই জন্মদিনের প্রথম প্রহর কেটেছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
জন্মদিনে কোনো শুটিং ছিল না, জন্মদিনে কি ছুটি কাটাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আমিব্রন বলেন, ‘বিষয়টা সেই রকম নয়। আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে। এ ছাড়া আজও একটা বিজ্ঞাপনের শুটিং আগে থেকে নির্ধারিত ছিল কিন্তু হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। ’
আমব্রিন আগামীকাল শুক্রবার বন্ধু-বান্ধব ও কাজিনদের সঙ্গে বাইরে ঘুরবেন বলে জানান।
মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন আমব্রিন। তবে উপস্থাপক হিসেবেই নিজের ক্যারিয়ার আরো মজবুত করতে চান আমব্রিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গতবারের আসরে উপস্থাপনার সুবাদে নতুন করে পরিচিত পান এই তারকা।

নাইস নূর