চকোলেট রজনীকান্ত!
বয়েস ৬৬ বছর। কিন্ত ৬৬ বছরের জীবনে অভিনেতা হিসেবে কেরিয়ারের ৪০ বছর পার করে ৪১ বছরে পা রাখলেন তিনি। আর সেই উপলক্ষেই অভিনব সম্মান পেলেন ভারতের দক্ষিণী ছবির ‘ওয়ান অ্যান্ড ওনলি’ অভিনেতা রজনীকান্ত।
রজনীকান্তের কেরিয়ারের ৪০ বছর পার করে আসা ছাড়াও রজনীকান্ত কিছুদিন আগে ভারত সরকারের তরফে পেয়েছেন পদ্মবিভূষণ সম্মান। অবশ্য ২০১৬ সালে পদ্মবিভূষণ সম্মান ছাড়াও ২০০০ সালে রজনীকান্ত পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। ফলে একদিকে কেরিয়ারের ৪০ বছর পার করে আসা আর অন্যদিকে চলতি সালে পদ্মবিভূষণ পাওয়া উপলক্ষে ভারতের চেন্নাইয়ের একটি ক্যাফে রজনীকান্তের চকোলেট স্ট্যাচু তৈরি করল। ১৯৭৫ সালে রজনীকান্ত তাঁর ফিল্ম কেরিয়ার শুরু করেন।
ভেন্নাইয়ের ‘জুকা’ নামে ওই ক্যাফেটির সামনে রাখা রয়েছে আস্ত চকোলেটের তৈরি রজনীকান্তের মূর্তি। জানা গেছে, মোট ৬০০ কেজির চকোলেট দিয়ে রজনীকান্তের এই অভিনব মূর্তিটি তৈরি করেছেন শ্রীনাথ বালাচন্দ্রন নামের এক ব্যক্তি। এদিকে চেন্নাইয়ের ওই ক্যাফের সামনে রজনীকান্তের মূর্তিটি বসানোর সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ও উপচে পড়েছে বলে জানা গেছে। পথ চলতি মানুষরা চকোলেটের রজনীকান্তের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে নিতে ভুলছে না। হাজার হোক রজনীকান্ত বলে কথা!
তবে গরমে কিংবা পিঁপড়ে ধরে চকোলেট রজনীকান্তের মূর্তিটির যাতে কোনোরকম ক্ষতি না হয় সেদিকেও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। আর এই অভিনব চকোলেট রজনীকান্তের নির্মাতা শ্রীনাথ অবশ্য চাইছেন, যেভাবেই হোক, মূর্তিটিকে খোদ রজনীকান্তের কাছে পৌঁছে দিতে।

মনোজ বসু, কলকাতা