এশা গুপ্তার বাগদান
হুট করেই বাগদান সেরে ফেললেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। তবে তাঁর হবু স্বামীটি কে, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানাননি তিনি। আগে অবশ্য পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। যদিও সেটা বেশিদিন স্থায়ী হয়নি।
ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন এশা। যেখানে তাঁর অনামিকায় দেখা যাচ্ছে একটি আংটি।
ছবির ক্যাপশনে এশা লিখেছেন, ‘সে জানতে চাইল এবং আমি বললাম, হ্যাঁ’।
৩০ বছর বয়সী এশা বর্তমানে ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।
এরপরই নিরাজ পান্ডের পরিচালনায় ‘রুস্তম’ ছবির কাজ শুরু করবেন এশা। এই ছবিতে আরো আছেন অক্ষয় কুমার ও ইলিয়েনা ডি-ক্রুজ।
২০১২ সালে ‘জান্নাত ২’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন এশা। প্রথম ছবিতে এমরান হাশমির বিপরীতে অভিনয় করেন তিনি।
কয়েক মাস আগে এমরানের বিপরীতে ‘ম্যায় রাহু ইয়া না রাহু’ নামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন এশা।
এ ছাড়া এশা অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘রাজ থ্রিডি’, ‘চক্রবুহ্য’, ‘হামশকল’, ‘বেবি’।
২০০৭ সালে ‘মিস ফেমিনা’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন এশা। সেই প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’-এর পুরস্কার জিতেছিলেন এশা।

ফিচার ডেস্ক