জন্মদিনে পুরোনো বাড়ি কিনে মাকে উপহার দিতে চান আমির
আজ আমির খানের ৫১তম জন্মদিন। অসহিষ্ণুতা নিয়ে বেফাঁস কথা বলায় ভারতে আলোচিত-সমালোচিত হওয়া আমির যুক্তরাষ্ট্রে কিছুদিন কাটিয়ে ভারতে ফিরেছেন কিছুদিন আগে।
তবে ফিরে এসে আবার পুরোদমে ছবির কাজ শুরু করেছেন। এখন ব্যস্ত আছেন তাঁর পরবর্তী ছবি ‘দঙ্গল’ নিয়ে।
‘দঙ্গল’ ছবিতে নিজের চরিত্র ঠিকভাবে ফুটিয়ে তুলতে ২৫ কেজি ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে তুলেছিলেন আমির। এখন তাঁর ওজন বাড়তে বাড়তে একটু বেশিই বেড়ে গেছে, তাই এখন স্বাভাবিক ওজনে ফিরতে কাজ করে যাচ্ছেন তিনি।
আর আমিরের ভক্তমাত্রই জানেন, মনমত না হলে তিনি কোনো কাজই করেন না। এ কারণেই তো তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমির। সবার প্রশ্ন ছিল, জন্মদিনে আমির কি চান? আমির জানিয়েছেন, তিনি কোনো উপহার নিতে চান না উল্টো দিতে চান। এ খবর জানিয়েছে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি।
আমির বলেন, ‘এই বছর আমি মাকে আমাদের বানারসের পুরোনো বাড়িটা কিনে উপহার দিতে চাই। ওই বাড়িতেই আমার শৈশব কেটেছে।’
পুরোনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমার মায়ের বয়স এখন ৮০ বছরেরও বেশি। আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যারা সেই বাড়িতে আছেন তাদের সঙ্গে কথা বলে আমি বাড়িটা কিনতে চাই।’
ভক্তদের উদ্দেশে আমির বলেন, ‘দর্শকদের সঙ্গে আমার সম্পর্ক ২৭ বছরেরও বেশি সময় ধরে। সেই সম্পর্কের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং এটা আমার কাছে অনেক মূল্যবান।’
কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে তৈরি করা হচ্ছে ‘দঙ্গল’ ছবিটি। এ বছরের শেষে মুক্তি পেতে পারে ছবিটি।

ফাহিম ইবনে সারওয়ার