শুরু হলো মডেল হান্ট প্রতিযোগিতার নিবন্ধন
শুরু হয়েছে আন্তর্জাতিক মডেল হান্ট প্রতিযোগিতা মিস অ্যান্ড মিস্টার গ্র্যান্ড সি ইউনিভার্স বাংলাদেশ ২০১৬-এর দ্বিতীয় আসরের নিবন্ধন। প্রায় ৫০টি দেশের মডেল এবার অংশ নিতে যাচ্ছেন এই প্রতিযোগিতায়। ২০১৫ সালে বুলগেরিয়ায় অনুষ্ঠিত এর প্রথম আসরে বাংলাদেশের ছেলে স্যাম চৌধুরী অংশ নিয়ে বিশ্বের প্রায় ২০টি দেশের মডেলদের পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। বাংলাদেশের জন্য বিরল সন্মান নিয়ে আসেন তিনি। এরই মধ্যে তিনি বিশ্বের নামি-দামি কয়েকটি পণ্যেরও মডেল হয়েছেন।
এদিকে সাইপ্রাসে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় আগ্রহী বাংলাদেশি মডেলরা অংশ নিতে পারবেন। চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য মিস অ্যান্ড মিস্টার টিন, ২০ থেকে ৩০ বছর বয়সীদের জন্য মিস অ্যান্ড মিস্টার গ্র্যান্ড সি ইউনিভার্স। বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হওয়ার সুযোগও।
আগ্রহী নতুন মডেলদের গ্রুমিং ও প্রশিক্ষণেরর মাধ্যমে তৈরি করেই সাইপ্রাসে পাঠাবে বাংলাদেশে আয়োজনকারী প্রতিষ্ঠান ডোনা মিডিয়া। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মডেলিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁরাও বাংলাদেশের বিভিন্ন পণ্যের মডেল হতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে যেতে হবে www.facebook.com/donamedia এই পাতায়, সেখানে দেওয়া ফরম পূরণ করে পাঠাতে হবে modelhunt@donamedia.com এই ঠিকানায়।

ফিচার ডেস্ক